মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই : কনকচাঁপা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে মনোননয় প্রত্যাশী হয়েও মনোনয়ন পাননি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এবার বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায়ও স্থান পাননি তিনি। সংরক্ষিত আসনে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়েছেন কনকচাঁপা।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করা হয়। তালিকায় একাধিক নারী নেত্রীর নাম থাকলেও কনকচাঁপার নাম দেখা যায়নি।
এ প্রেক্ষিতে কনকচাঁপা তার ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।
তিনি আরও লেখেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।
তিনি আরও লেখেন, ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে সান্ত্বনা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।